ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, খুলনা: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার প্রতিবাদে খুলনা মহানগরীতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ।
সোমবার (২ মার্চ) সকাল ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনের খুলনা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক উলামায়ে কেরাম ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাবির হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া বলেন, পবিত্র মাহে রমজানের প্রাক্কালে ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি বাহিনীর এই নৃশংস হামলা চরম মানবতাবিরোধী অপরাধ। বিশ্বের যেকোনো প্রান্তে মুসলমানদের ওপর এমন অন্যায় আগ্রাসন চালানো হলে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হতে হবে। তিনি এই আন্তর্জাতিক সংকটে মুসলিম দেশগুলোর নীরবতা ভেঙে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি মুফতী জুনাইদ আহমাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, ইরানের ওপর এই হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাম্রাজ্যবাদী শক্তিগুলো পরিকল্পিতভাবে মুসলিম দেশগুলোকে অস্থিতিশীল করতে চাইছে। বক্তারা অবিলম্বে এই যুদ্ধ বন্ধের দাবি জানান এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত প্রতিবাদী মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মুফতী মানযুর আহমাদ, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী শফিকুল ইসলাম, মুফতী আবদুল্লাহ রাশেদ, মুফতী রকিব উদ্দিন, মুফতী মশিউর রহমান, মুফতী আবদুল্লাহ মুখতার, হাফেজ জাফর আহমাদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ইকবাল হুসাইন, শেখ মোঃ নাসির উদ্দিন, মাওলানা ইখলাসুর রহমান ও মাওলানা আসাদুজ্জামানসহ স্থানীয় অন্যান্য উলামায়ে কেরাম।
এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ