ফেনীতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
এম. জহিরুল হক মিলন, ফেনী: দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের অপতৎপরতা এবং নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। শহরের ফেনী রেলগেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ফেনী সরকারি কলেজ প্রদক্ষিণ করে ট্রাংক রোডস্থ প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুর রহমান, ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব এবং দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদ হাসান শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাসান, প্রচার সম্পাদক আলাউদ্দিন, দপ্তর সম্পাদক এম কে আর সূর্য, সহসাধারণ সম্পাদক আমির হোসেন দুলাল, সহঅর্থ সম্পাদক আব্দুল হাই ছুট্টু ও সাহিত্য-প্রকাশনা সম্পাদক মনজুর মোরশেদ পিন্টুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনো দেশবিরোধী নানা ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের যেকোনো অপতৎপরতা ও ষড়যন্ত্র রাজপথে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এ সময় দেশ ও গণতন্ত্রের সুরক্ষায় নেতাকর্মীদের সব সময় সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এআইএল/সকালবেলা