পলাতক অপশক্তির সন্ত্রাসী কার্যক্রম মেনে নেওয়া হবে না: প্রধানমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ণ
পলাতক অপশক্তির সন্ত্রাসী কার্যক্রম মেনে নেওয়া হবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত পলাতক ফ্যাসিস্ট অপশক্তি এবং কার্যক্রম নিষিদ্ধ দলের বেপরোয়া সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ও সংসদ যখন দেশকে স্বনির্ভর এবং পুনর্গঠনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র ও নাশকতা শুরু করেছে। প্রবাদ উল্লেখ করে সংসদ নেতা বলেন, ‘চোর না শোনে ধর্মের কাহিনী’—সুযোগ পেলেই এই গোষ্ঠীর চরিত্র যে কখনো বদলাবে না, গত কয়েক দিনের ঘটনায় তা আবারও স্পষ্ট হয়েছে।

দেশে ও প্রবাসে অবস্থানরত এই চক্রের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রী জানান, তারা বিদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার অপচেষ্টা চালিয়েছে। এ ছাড়া এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, যুক্তরাষ্ট্রে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে একজন বাংলাদেশি নারী শিল্পীর ওপর বর্বরোচিত হামলার ঘটনা দেশবাসী প্রত্যক্ষ করেছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, নিষিদ্ধ ওই দলের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে গণতন্ত্রকামী মানুষের ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। বেপরোয়া সন্ত্রাস চালিয়ে দলটি নিজেরাই প্রমাণ করেছে যে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী।

বিদেশে অবস্থানরত এসব সন্ত্রাসীর আশ্রয়-প্রশ্রয়দাতাদের প্রতি কড়া বার্তা দিয়ে সংসদ নেতা বলেন, যাঁরা এই সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি তাঁদের প্রকৃত মনোভাব পরিষ্কার হয়ে গেছে। তাঁরা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বদলে সন্ত্রাসীদের সঙ্গেই সম্পর্ক রাখতে আগ্রহী। তবে দেশপ্রেমিক জনগণ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য সংগ্রাম করেনি বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ ছাড়া দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনেও বিদেশে পলাতক এই অপশক্তির ইন্ধন রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। শ্রমিকদের কোনো ধরনের উসকানিতে বিভ্রান্ত না হয়ে নিজেদের কর্মস্থল রক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিগগিরই মজুরি কমিশনের মাধ্যমে শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম বেতন কাঠামো ঘোষণা করা হবে।

এআইএল/সকালবেলা