প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (১৮ নভেম্বর) কলম্বোর প্রেসিডেনশিয়াল সেক্রেটারিয়েটে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর লেখা আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আগামী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের প্রত্যাশা ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের গভীর আগ্রহের কথাও জানান।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে উষ্ণ শুভেচ্ছা জানান।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী অবদান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই ধারাবাহিকতা বজায় রেখে সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করতে আগ্রহী।

আলোচনায় শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচনে প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি জনগণমুখী উন্নয়ন মডেল বাস্তবায়নে বাংলাদেশ সরকারের গৃহীত ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি বৃক্ষরোপণ এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রাসহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথা তুলে ধরেন। এ ছাড়া সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচির সফলতার দিকগুলোও প্রেসিডেন্টের সামনে উপস্থাপন করেন তিনি।

সাক্ষাতের শেষে মূল্যবান সময় দেওয়ার জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আগামী দিনে বাংলাদেশ-শ্রীলঙ্কা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এআইএল/সকালবেলা