বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব: বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর দলীয় পদ থেকে পদত্যাগের সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব ও অপপ্রচার বলে জানিয়েছে দলটি। তবে শারীরিক অসুস্থতার কারণে দলের অপর ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়, বরকত উল্লাহ বুলুর পদত্যাগ নিয়ে যে সংবাদ প্রচার করা হচ্ছে, তা একটি কুচক্রী মহলের পরিকল্পিত অপপ্রচার। মূলত তিনি গত প্রায় এক মাস ধরে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে এভারকেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তিনি থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ সকালে সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই বার্তায় দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য ড. ওসমান ফারুক এবং তাঁর সহধর্মিণী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। মূলত শারীরিক অসুস্থতার কারণেই তিনি দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার অত্যন্ত সুশৃঙ্খল ও বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হচ্ছে উল্লেখ করে ওই বার্তায় দলের সর্বস্তরের নেতা-কর্মী ও দেশবাসীকে এ ধরনের কোনো বিভ্রান্তিকর গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এআইএল/সকালবেলা