নিষিদ্ধ দলের সাবেক এমপি বদির জামাতা গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ণ
নিষিদ্ধ দলের সাবেক এমপি বদির জামাতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিকেতন এলাকার নিজ বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তিনি কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা।

বুধবার (১৮ নভেম্বর) ভোর চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার ভোরে এসআরবির একটি বিশেষ দল রাজধানীর নিকেতন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে নিজ বাসভবন থেকে রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রানা তাজউদ্দিন খান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা হিসেবেও তিনি পরিচিত।

পারিবারিক সূত্রে জানা গেছে, রানা তাজউদ্দিন খানের স্থায়ী নিবাস নেত্রকোনা সদর উপজেলার বামনিকোর গ্রামে। তাঁর বাবার নাম সুরুজ আলী খান এবং মায়ের নাম মনোয়ারা আক্তার। অন্যদিকে, তাঁর শ্বশুর আবদুর রহমান বদি কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য, যিনি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচিত।

এআইএল/সকালবেলা