দুই শিশুর চিঠি, বগা সেতুর উদ্বোধনে আসতে পারেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ণ
দুই শিশুর চিঠি, বগা সেতুর উদ্বোধনে আসতে পারেন প্রধানমন্ত্রী

ইব্রাহিম ফরাজি, বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার লোহালিয়া নদীর ওপর বহুল প্রত্যাশিত বগা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দুই শিশুর লেখা একটি চিঠির সূত্র ধরে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ এগোচ্ছে। আগামী ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির শুরুতে এর নির্মাণকাজের উদ্বোধন হতে পারে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়কমন্ত্রী। একই সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে বাউফলে আসার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক সম্মতি জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে বগা ও চরগরবদি নৌপথে ফেরি পারাপারের কারণে বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার প্রায় ১৫ লাখ মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে জরুরি রোগী ও অ্যাম্বুলেন্স নিয়ে ঘাটে দীর্ঘ সময় আটকে থাকার ঘটনা নিত্যদিনের বাস্তবতা ছিল।

এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয় বাউফলের দুই ভাই-বোন মাহমুদ ইয়ামিন ও আবিরা। অসুস্থ নানাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বগা ফেরিঘাটে তাদের বহনকারী অ্যাম্বুলেন্স আটকে পড়ে। সেদিনের সেই কষ্টদায়ক অভিজ্ঞতা থেকে তারা গত ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর একটি চিঠি লেখে। শিশু আবিরার সেই চিঠি প্রধানমন্ত্রীর নজরে এলে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

চিঠির বিষয়টি আমলে নিয়ে গত ১৯ মে সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে বাউফলের প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শনে পাঠান প্রধানমন্ত্রী। মন্ত্রীর সেই পরিদর্শনের পর এবার জাতীয় সংসদে সেতুটির উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার ঘোষণায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। যোগাযোগব্যবস্থার এই উন্নয়ন সম্পন্ন হলে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন আরও সহজ ও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে।

এআইএল/সকালবেলা