শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ণ
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কূটনৈতিক প্রক্রিয়ায় ভারত থেকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এই নোটিশটি প্রেরণ করেন।

রেজিস্টার্ড ডাকযোগে ও ইমেইলের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার বরাবর এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইনের আশ্রয়লাভের মৌলিক অধিকারের বিষয়টি উল্লেখ করে আইনজীবী দাবি করেন, দীর্ঘ সময় বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব পালন করার কারণে শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল এবং জাতীয় নিরাপত্তার মতো অতি সংবেদনশীল রাষ্ট্রীয় তথ্য রয়েছে। নোটিশদাতার মতে, প্রতিবেশী রাষ্ট্রে একজন সাবেক সরকারপ্রধানের দীর্ঘকালীন অবস্থান রাষ্ট্রীয় গোপন তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।

এ ছাড়া নোটিশে আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে আইনজীবী উল্লেখ করেন, কোনো দেশের সাবেক রাষ্ট্রপ্রধানের প্রতিবেশী রাষ্ট্রে দীর্ঘ অবস্থান সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বৈরিতা ও আঞ্চলিক সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। উদাহরণ হিসেবে তিনি ২০১৫ সালে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে আশ্রয় গ্রহণ এবং ২০১৪ সালে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় অবস্থানের পরবর্তী ভূ-রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরেন।

নোটিশদাতা আশঙ্কা প্রকাশ করেন যে, অনুরূপ ভূ-রাজনৈতিক জটিলতা এড়াতে এবং বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুসম্পর্ক ও স্থিতিশীলতা বজায় রাখতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের আইনি এখতিয়ারে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এআইএল/সকালবেলা