পেট্রোল বোমায় নিহত হেলপার সিয়ামের বাড়িতে শোকের মাতম
সাঈদ পান্থ, বরিশাল: পার্কিং করে রাখা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়ে সিয়াম হাওলাদার (২৭) নামে এক বাস হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে এই সংবাদ নিহতের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠী গ্রামে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারটিতে চলছে শোকের মাতম।
নিহত সিয়াম ইদিলকাঠী গ্রামের কৃষক কবির হোসেন হাওলাদারের ছেলে। তিনি পিরোজপুর-মঠবাড়িয়া রুটে চলাচলকারী ‘লোকাল বাহক’ পরিবহন নামে একটি বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে প্রতিদিনের মতো ট্রিপ শেষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসটি পার্কিং করে ভেতরেই ঘুমিয়ে পড়েন সিয়াম। বুধবার ভোর চারটার দিকে একদল দুর্বৃত্ত বাসটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। গভীর ঘুমে থাকায় সিয়াম বাস থেকে বের হতে পারেননি এবং আগুনে পুড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে সিয়াম ছিলেন বড়। তাঁর ছোট ভাই সিফাত (১৩) স্থানীয় একটি হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী। ছয় বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে সিয়ামের মা মারা যান। পরে তাঁর বাবা কবির হোসেন হাওলাদার শিল্পী বেগমকে বিয়ে করেন। অভাব-অনটনের সংসারে সিয়ামই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
ছেলের এমন আকস্মিক ও নির্মম মৃত্যুর খবরে দিশাহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। কান্নাজড়িত কণ্ঠে সিয়ামের সৎমা শিল্পী বেগম বলেন, ‘আমাদের সংসারের একমাত্র উপার্জনকারী ছিল সিয়াম। ওকে হারিয়ে আমরা এখন পুরোপুরি অসহায় হয়ে পড়লাম।’
প্রতিবেশী চাচা সোহেল হাওলাদার জানান, সিয়াম অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিলেন। সংসারের চরম অভাবের কারণে খুব অল্প বয়সেই তিনি সংসারের হাল ধরতে কাজের সন্ধানে বের হয়েছিলেন।
এদিকে খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, এই নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। নিহত সিয়ামের লাশ দাফনের সময় এখনো নির্ধারণ করা হয়নি। কর্মক্ষম তরুণ সন্তানকে হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
এআইএল/সকালবেলা