ডোমার অবৈধ মিনি পেট্রোল পাম্পে জরিমানা

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ণ
ডোমার অবৈধ মিনি পেট্রোল পাম্পে জরিমানা

মোঃ মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় অনুমোদনহীন ও অবৈধ মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর। অভিযানে পরিমাপে কারচুপি ও অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার জোড়াবাড়ী, কেতকীবাড়ী, গোমনাতী ও বোড়াগাড়ী ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। এ সময় বিএসটিআই রংপুরের পরিদর্শক আহসান হাবীব ও ডোমার থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, বৈধ কাগজপত্র ও অনুমোদন না থাকা এবং তেল বিক্রির ক্ষেত্রে পরিমাপে কারচুপির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। পাম্পগুলোতে তেল সরবরাহের পরিমাণ যাচাইকালে ব্যাপক অসংগতি ধরা পড়ে। ১০ লিটার পেট্রোল দেওয়ার কথা থাকলেও কোনো কোনো প্রতিষ্ঠানে গ্রাহকদের এক থেকে দেড় লিটার পর্যন্ত তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এর ফলে সাধারণ মানুষ আর্থিকভাবে প্রতারিত হয়ে আসছিলেন।

অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে জোড়াবাড়ী ইউনিয়নের বিসমিল্লাহ মিনি পেট্রোল পাম্পকে ৩০ হাজার টাকা, কেতকীবাড়ী ইউনিয়নের সানভি মিনি পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা এবং গোমনাতী ইউনিয়নের আতিক মিনি পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বোড়াগাড়ী বাজারের সুমন মিনি পেট্রোল পাম্প ও সাবিত্রী মিনি পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, যত্রতত্র অবৈধ মিনি পেট্রোল পাম্প স্থাপন করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী গ্রাহকদের ঠকাচ্ছেন। যথাযথ নিরাপত্তাব্যবস্থা না থাকায় এসব অবৈধ পাম্পে যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে। জননিরাপত্তা ও ভোক্তা অধিকার রক্ষায় নিয়মবহির্ভূত এসব পাম্পের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এআইএল/সকালবেলা