মহম্মদপুরে নিখোঁজের পর শিশুর লাশ উদ্ধার
এম এ রইচ, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে নিখোঁজের দুই দিন পর আট মাস বয়সী শিশু রাসমিকা চক্রবর্তীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর উত্তরপাড়া এলাকার একটি পারিবারিক পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা নন্দিতা চক্রবর্তীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত রাসমিকা চক্রবর্তী মহম্মদপুর উপজেলা সদরের বাজার রাধানগর এলাকার ব্যবসায়ী সমীর কুমার চক্রবর্তী ওরফে কুটে ঠাকুরের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে লক্ষ্মীপুর থেকে বালিদিয়া যাওয়ার সড়কের উত্তর পাশে মৃত আব্দুস সামাদের পারিবারিক পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মহম্মদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
এর আগে গত সোমবার (১৬ নভেম্বর) বিকেলে শিশুটিকে নিয়ে শীতের কাপড় কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন মা নন্দিতা চক্রবর্তী। তাঁর দাবি ছিল, অটোরিকশায় করে যাওয়ার পথে রাজাপুর বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে বোরকা পরিহিত দুই নারী তাঁর নাকের কাছে ফুলের মতো কিছু ধরেন। এতে তিনি অচেতন হয়ে পড়লে ওই নারীরা তাঁর কোল থেকে শিশুটিকে নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা রাস্তার পাশ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে এবং বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা চালায়। তবে দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে, এর আগেও এই দম্পতির আরেকটি শিশুর লাশ পুকুর থেকে উদ্ধারের ঘটনা ঘটেছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহমেদ জানান, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। রহস্যজনক এই মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ নিবিড়ভাবে কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষ হলেই ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে বলে জানান তিনি।
এআইএল/সকালবেলা