আওয়ামী লীগের রাজনীতি করার কোনো বৈধতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ণ
আওয়ামী লীগের রাজনীতি করার কোনো বৈধতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সকালবেলা ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশে গণতান্ত্রিকভাবে রাজনীতি করার সব বৈধতা হারিয়েছে এবং দলটি আর কখনো এ দেশে রাজনীতি করতে পারবে না বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। দেশের বিগত ১৫-১৬ বছরের শাসনকাল, সাম্প্রতিক বিশৃঙ্খলা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা দিতে গিয়ে তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গত দেড় দশক ধরে দেশে অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, গণহত্যা চালিয়েছে এবং শেষ পর্যন্ত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। দলটির রাজনৈতিক চরিত্রে ন্যূনতম গণতন্ত্রের চর্চা নেই উল্লেখ করে তিনি বলেন, তাদের রাজনীতি বরাবরই সন্ত্রাস, অগ্নিসংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা, গুম, জুলুম ও নির্যাতনের ওপর প্রতিষ্ঠিত। অতীতের এসব ঘৃণ্য কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটি এ দেশের মানুষের কাছে সম্পূর্ণ রাজনৈতিক বৈধতা হারিয়েছে।

সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্রের অভিযোগ এনে সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ পলাতক নেতাকর্মীরা ওপার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ভিডিও বার্তা দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানি দিচ্ছেন। এমনকি দেশের বিভিন্ন গ্রামে গ্রামে অগ্নিসংযোগ করার নির্দেশনাও দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, সংসদ সদস্যের বাসভবনে আক্রমণ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ন্যক্কারজনক ঘটনা আওয়ামী লীগের উগ্র রাজনৈতিক চরিত্রের অবিচ্ছেদ্য বহিঃপ্রকাশ। মানুষ পুড়িয়ে মারা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো তাদের পুরোনো অভ্যাস।

সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, সরকার কোনো অবস্থাতেই আওয়ামী লীগের মতো জনতাবিরোধী আচরণ করতে চায় না। একটি গণতান্ত্রিক সরকার হিসেবে সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে কখনোই গুলি চালিয়ে মানুষ হত্যার নীতি বর্তমান সরকার অনুসরণ করবে না। পাশাপাশি নিরপরাধ মানুষকে অযথা হয়রানি করার নীতিতেও সরকার বিশ্বাস করে না। তবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনে কঠোর ও আইনানুগ বল প্রয়োগ করবে।

টুঙ্গিপাড়ার ঘটনার হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করতে ইতোমধ্যে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড সংগ্রহ করা হয়েছে। যারা থানায় হামলা চালিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ করেছে, গাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং নৈরাজ্য সৃষ্টি করেছে—তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

এআইএল/সকালবেলা