আটোয়ারীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান
মোঃ মামুন রহমান, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ২৫৩টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলার ৬টি ইউনিয়নে ইতিপূর্বে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মোট ২৫৩টি পরিবার এই সহায়তার আওতাভুক্ত হয়। পুনর্বাসনের অংশ হিসেবে প্রতিটি পরিবারকে এক বান করে ঢেউটিন এবং ঘর মেরামতের জন্য ৩ হাজার টাকার নগদ চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় ও অনিবার্য ব্যস্ততার কারণে তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি। তবে তাঁর শুভকামনা ও নির্দেশনায় এই সহায়তা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন ও সহায়তার চেক তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফজলুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাজাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল এবং সাংগঠনিক সম্পাদক মো. বদিউজ্জামান মানিক।
হলরুমে উপস্থিত থেকে অতিথিবৃন্দ দুর্যোগকবলিত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের যেকোনো সংকটে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এবং তাদের পুনর্বাসনে সরকার সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারি এই মানবিক সহায়তা পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন দুর্গত মানুষেরা।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন এলাকা থেকে আসা উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা