প্রায় বিনামূল্যে মালয়েশিয়ায় যাচ্ছেন ১০ হাজার কর্মী: প্রধানমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ণ
প্রায় বিনামূল্যে মালয়েশিয়ায় যাচ্ছেন ১০ হাজার কর্মী: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সৃষ্ট জটিলতা সফল কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিরসন করা হয়েছে এবং প্রায় বিনামূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে বিগত সরকারের আমলে গুম-খুনের শিকার এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ ও হতাহতদের পরিবারের সদস্যদের জন্য এক হাজার কোটা সংরক্ষিত রাখা হয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এ তথ্য জানান।

সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত সরকারের আমলে একটি চিহ্নিত চক্র ও সিন্ডিকেট বিদেশে পাঠানোর নাম করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছিল। তাদের এসব অনিয়মের কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ প্রায় বন্ধ বা স্থগিত রেখেছিল, আবার কোথাও প্রক্রিয়াটি অত্যন্ত ধীরগতির হয়ে পড়েছিল।

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সুখবর দিয়ে সংসদ নেতা জানান, সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানিয়েছেন যে সফল আলোচনার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারের জটিলতা দূর করা সম্ভব হয়েছে। এর ফলে সামান্য কিছু আনুষঙ্গিক ব্যয় ছাড়া প্রায় বিনামূল্যে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।

তিনি আরও উল্লেখ করেন, এই ১০ হাজার কর্মীর মধ্যে বিগত শাসনামলে যাঁরা গুম-খুনের শিকার হয়েছেন এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে যাঁরা শহীদ বা আহত হয়েছেন, এমন প্রায় এক হাজার পরিবারের সদস্যদের পাঠানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে আশাব্যঞ্জক তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের ফলপ্রসূ আলোচনা চলছে এবং কয়েকটি দেশ ইতোমধ্যে গাড়িচালকসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে নতুন করে জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি যাঁরা সিন্ডিকেট করে সাধারণ মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করেছেন, তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ ছাড়া বিদেশগামী কর্মীদের জন্য আর্থিক প্রণোদনা বা ইনসেন্টিভ দেওয়ার বিষয়ে এক সংসদ সদস্যের প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রণোদনার এই অর্থের উৎস কী হবে, তা স্পষ্টভাবে ব্যাখ্যা করা হলে সরকারের পক্ষ থেকে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।

এআইএল/সকালবেলা