ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু রায়হান, রংপুর ব্যুরো: তিস্তা নদী সুরক্ষা ও চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিজস্ব নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কাউনিয়া উপজেলার ঐতিহাসিক তিস্তা রেলসেতু সংলগ্ন এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ইশতেহার জনসমক্ষে তুলে ধরেন। শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থী তার ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারী উন্নয়ন, শিল্পায়ন, পরিবেশ সুরক্ষা, ভূমি জটিলতা নিরসন, মাদক নির্মূল, শিশু বিনোদন এবং পর্যটনসহ মোট ১০টি গুরুত্বপূর্ণ খাতে ৪৯ দফার একটি সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা পেশ করেন।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, চরাঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য একটি পৃথক মন্ত্রণালয় গঠন করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। তিস্তা নদীর ভাঙন এ অঞ্চলের মানুষের জন্য এক অভিশাপ। প্রতি বছর বর্ষায় কোটি কোটি টাকার সম্পদ নদীগর্ভে বিলীন হয়ে যায়। আমরা এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে নদী খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা এবং নদীর স্বাভাবিক গতিপথ নিশ্চিত করতে চাই। একইসঙ্গে তিস্তার দুই পাড়ে টেকসই বাঁধ নির্মাণসহ 'তিস্তা মহাপরিকল্পনা' বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক এই নদীর পানির ন্যায্য হিস্যা আদায়েও আমরা দৃঢ় অবস্থান গ্রহণ করব।
ভারতের সাথে পানি বণ্টন ও আগাম সতর্কতা প্রসঙ্গে তিনি আরও বলেন, উজানে ভারতের বাঁধ নির্মাণের ফলে বর্ষায় হঠাৎ পানি ছেড়ে দেওয়ায় আমাদের কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। কৃষকরা যাতে তাদের ফসল নিরাপদে ঘরে তুলতে পারেন এবং ঝুঁকিপূর্ণ বসতবাড়ি সরিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পান, সেজন্য বাঁধ খুলে দেওয়ার অন্তত তিন দিন আগে তথ্য আদান-প্রদানের বিষয়ে ভারতের সঙ্গে ফলপ্রসূ ও বন্ধুত্বপূর্ণ আলোচনা নিশ্চিত করা হবে। এ সময় তিনি তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে রাজপথে এবং কূটনৈতিক পর্যায়ে সোচ্চার থাকার অঙ্গীকার করেন।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন, আলাল উদ্দিন কাদেরী শান্তি, সংগঠক তৌফিক ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। এই আসনে আখতার হোসেন ছাড়াও বিএনপি, জাতীয় পার্টি এবং বাম দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের আরও সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ