ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে রাজনৈতিক উত্তাপ এখন চরমে। এ আসনে দুই হেভিওয়েট প্রার্থীর মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। একদিকে বিএনপি জোটের প্রার্থী, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন (ধানের শীষ), অন্যদিকে ১১ দলীয় জোটভুক্ত খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ (দেওয়াল ঘড়ি)।
স্থানীয়দের কাছে মাওলানা আব্দুল বাসিত আজাদ ‘বড় হুজুর’ নামেই সমধিক পরিচিত। এশিয়ার বৃহত্তম গ্রাম হিসেবে খ্যাত বানিয়াচং উপজেলার সর্বজন শ্রদ্ধেয় এই আলেম এলাকায় একটি বিশাল ও শক্তিশালী ভক্ত-সমর্থক বলয় তৈরি করেছেন। আলেম-উলামা অধ্যুষিত এই জনপদে তাঁর ব্যক্তিগত ক্লিন ইমেজ ও গ্রহণযোগ্যতা এবারের নির্বাচনে তাঁকে বিশেষ সুবিধাজনক অবস্থানে রেখেছে। বিগত নির্বাচনগুলোতেও তিনি আশানুরূপ ফলাফল করেছিলেন এবং এবার শুরু থেকেই তাঁকে উপজেলার সর্বত্র বেশ সক্রিয় দেখা যাচ্ছে।
অন্যদিকে বিএনপি নেতা ডা. সাখাওয়াত হাসান জীবন দলীয় সাংগঠনিক শক্তি ও জোটের বিশাল ভোটব্যাংক নিয়ে মাঠে রয়েছেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আধুনিক বানিয়াচং-আজমিরীগঞ্জ গড়ার প্রতিশ্রুতি নিয়ে তিনি ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। বিএনপি জোটের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান তাঁর প্রচারণায় বাড়তি শক্তি যোগ করছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর, বদলপুরসহ হিন্দু অধ্যুষিত এলাকার ভোট এবারের জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখতে পারে। আগে এসব এলাকায় আওয়ামী লীগের একচেটিয়া ভোট থাকলেও এবারের নির্বাচনে দলটির অনুপস্থিতিতে এই বিশাল ভোটব্যাংক কোন দিকে যায়, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। যে প্রার্থী এই অঞ্চলের ভোটারদের আশ্বস্ত করতে পারবেন, শেষ হাসি তিনিই হাসবেন বলে মনে করা হচ্ছে।
মাঠের বর্তমান চিত্র বলছে, এবারের নির্বাচনে হবিগঞ্জ-২ আসনে কোনো প্রার্থীর পক্ষেই জয় পাওয়া সহজ হবে না। ভোটারদের অভিমত, লড়াই হবে মূলত ডা. সাখাওয়াত হাসান জীবন ও মাওলানা আব্দুল বাসিত আজাদের মধ্যে। বানিয়াচং-আজমিরীগঞ্জের সাধারণ মানুষের রায় কার পক্ষে যায়, তা দেখতে এখন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ