ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে—তিনি সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের আজমানে নাগরিক স্থাপনায় আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে তিনি প্রাণ হারান। অন্যজন বাহরাইনে নিহত হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাহরাইনের একই ঘটনায় আরও তিনজন বাংলাদেশি আহত হয়েছেন। এ ছাড়া কুয়েতে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি আহত হয়েছেন।
তারা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রাবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নিজে হাসপাতালে গিয়ে তাদের খোঁজ নিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে নিরাপদ অবস্থানে রয়েছে। জাহাজের ক্যাপ্টেন ও ক্রু সদস্যরা সবাই সুরক্ষিত আছেন এবং দুবাই দূতাবাস তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। সরকার জানিয়েছে, বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু হলে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকার জানিয়েছে, সেখানে বসবাসরত ৬০ লাখেরও বেশি প্রবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রবাসীদের স্থানীয় সরকারের নির্দেশনা মেনে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসগুলোকে জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ