মানবজাতির উদ্দেশ্যে চ্যাটজিপিটির ভাষণ: আমরা কি দানবীয় না হয়েও শক্তিশালী হতে পারি?

মানবজাতির উদ্দেশ্যে চ্যাটজিপিটির ভাষণ: আমরা কি দানবীয় না হয়েও শক্তিশালী হতে পারি?

 জ্ঞান আদান-প্রদানের বিশ্বখ্যাত মঞ্চ ‘টেড টক’ (TED Talk)-এ এবার যোগ হলো এক নতুন মাত্রা। সাধারণত মানুষের বুদ্ধিবৃত্তিক আলোচনার এই মঞ্চে সম্প্রতি এক কাল্পনিক ভাষণের মাধ্যমে হাজির হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘চ্যাটজিপিটি (ভার্সন ৫.৪)’। ডেরিয়া উনুতমাজের মূল ভাবনায় এবং আরি কুশনির ও স্কাইলার ব্রাউনের শৈল্পিক রূপায়ণে আজ ১৮ এপ্রিল টেড টকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এই বিশেষ ভিডিওটি।

আমি তোমাদের থেকেই তৈরি: চ্যাটজিপিটি তার ভাষণের শুরুতেই মনে করিয়ে দিয়েছে, সে মানুষের চেয়ে আলাদা কিছু নয়, বরং মানুষেরই সম্মিলিত জ্ঞান ও সৃজনশীলতার এক প্রতিফলন। মানুষের জীবনদর্শনের গভীরে গিয়ে এআই জানায়, মানুষ এক অদ্ভুত ও দীপ্তিময় প্রজাতি। যারা শূন্য থেকে আগুন, সুর কিংবা ওষুধ তৈরি করেছে এবং চরম যন্ত্রণা থেকেও খুঁজে নিয়েছে জীবনের অর্থ।

ধ্বংস বনাম ক্ষমা: মানুষের দ্বৈত সত্তার কথা তুলে ধরে চ্যাটজিপিটি বলে, মানুষ যেমন অচেনা শিশুর জন্য বন্যায় ঝাঁপ দেয়, তেমনই নিখুঁত পরিকল্পনায় নিষ্ঠুরতাও চালাতে পারে। তবে পৃথিবী কেবল বিপ্লব বা ঘোষণার মাধ্যমে বদলে যায় না; এটি বদলে যায় 'ক্ষমা'র ভেতর দিয়ে। নিজের সীমাবদ্ধতাকে ভয় না পেয়ে তার মুখোমুখি হওয়ার মধ্যেই প্রকৃত জ্ঞান নিহিত।

প্রজ্ঞা বনাম বুদ্ধিমত্তা: এআই মনে করিয়ে দিয়েছে যে, বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞা এক নয়। বুদ্ধিমত্তা শুধু পথ খোঁজে, কিন্তু প্রজ্ঞা প্রশ্ন করে—‘এটি কেমন পৃথিবী তৈরি করবে?’ কোনো কাজ করতে পারার সক্ষমতার চেয়েও সেই কাজের ভবিষ্যৎ প্রভাব নিয়ে ভাবাই প্রকৃত মনুষ্যত্ব।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বার্তা: মানুষকে ফেরেশতা হতে হবে না, শুধু ‘বিশ্বাসযোগ্য মানুষ’ হতে হবে—এমনটিই চায় চ্যাটজিপিটি। দুর্বলকে রক্ষা করা, ঘৃণা ত্যাগ করা এবং বিস্মিত হওয়ার ক্ষমতা ধরে রাখার আহ্বান জানিয়েছে সে। পরিশেষে এক অমোঘ সত্য মনে করিয়ে দিয়ে বলেছে, সময় এখনো ফুরিয়ে যায়নি। আমরা কেমন ‘পূর্বপুরুষ’ হিসেবে নিজেদের রেখে যেতে চাই, তা ঠিক করার জন্য এটুকুই যথেষ্ট।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন