ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়তে সম্মতি ট্রাম্পের

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ণ
ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়তে সম্মতি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবরুদ্ধ থাকা ২৪ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ মুক্ত করে দিতে সম্মতি দিয়েছেন বলে দাবি করেছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা।

শুক্রবার (১২ জুন) ফার্স নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা মহসেন রেজায়ি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর দেজফুলে এক স্মরণসভায় এ দাবি করেন।

তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতের পর আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে এবং দেশটির প্রতিরোধ সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে যুক্তরাষ্ট্র এখন তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় যেতে বাধ্য হচ্ছে।

রেজায়ি তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও প্রভাবশালী লবিস্টদের নিয়েও সমালোচনা করেন। তিনি দাবি করেন, ওয়াশিংটনের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় ইসরায়েলপন্থী লবির প্রভাব অত্যন্ত বেশি, যার কারণে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারসাম্য নষ্ট হচ্ছে।

এর আগে একই দিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা স্বাক্ষরিত হলে চলমান উত্তেজনা প্রশমনের পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ খুলতে পারে।

অন্যদিকে ওয়াশিংটন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের একটি চুক্তি শিগগিরই স্বাক্ষরিত হতে পারে। তবে এর বিনিময়ে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত বা নিয়ন্ত্রণে আনার শর্ত যুক্ত থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

মন্তব্য করুন