শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন মনজুর এলাহী এমপি

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ণ
শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন মনজুর এলাহী এমপি

এস এম আরিফুল হাসান, নরসিংদী প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছর মেয়াদি ‘দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে নরসিংদীর শিবপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা আঞ্চলিক সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওহাব রাশেদ।

কর্মসূচিতে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন— শিবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদল, সহ-সাধারণ সম্পাদক কাজী সাহেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন মামুন এবং উপজেলা শ্রমিক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফিরোজ খান প্রমুখ। এ সময় জেলা ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উদ্বোধনকালে প্রধান অতিথি মনজুর এলাহী এমপি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী সবুজায়ন কর্মসূচিকে সফল করতে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাতে হবে এবং সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।”

এদিকে জেলা পরিষদের এই মূল কর্মসূচির পাশাপাশি আজ দিনভর শিবপুর উপজেলার বিভিন্ন নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানেও পৃথক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয় এবং বাজনাবো আবুল ফায়েজ মোল্লা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের সাথে নিয়ে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন