সৈয়দপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ণ
সৈয়দপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

মো. মাইনুল হক, নীলফামারী: পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত নগদ আর্থিক সহায়তা নীলফামারীর সৈয়দপুর উপজেলার দুঃস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (১৩ জুন) বিকেল ৬টায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার ৩০০ জন দুঃস্থ ও অসচ্ছল মানুষের মাঝে মাথাপিছু ১ হাজার টাকা করে সর্বমোট ৩ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে অনুদানের নগদ টাকা তুলে দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম (এমপি)।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ্ ফাতেহা তাকলিমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সহ-সভাপতি শফিকুল ইসলাম (জনি), সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার এবং সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, “পবিত্র ঈদুল আজহার আনন্দ যেন সমাজের কেউ একা না, বরং সবাই মিলে উপভোগ করতে পারে— সেই লক্ষ্যেই সরকারের এই মানবিক উদ্যোগ। প্রান্তিক ও অসহায় মানুষের যেকোনো সংকটে সরকার সবসময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঈদের আগ মুহূর্তে এই নগদ অর্থ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সুবিধাভোগী অসহায় মানুষগুলো।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন