অভিনেত্রীকে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ণ
অভিনেত্রীকে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

বিনোদন ডেস্ক: রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতাল ভবন থেকে পড়ে অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) এ ঘটনা ঘটে। নিহত আসমা ঝিলিক নাটক, চলচ্চিত্র ও মিউজিক ভিডিওর পরিচিত মুখ ছিলেন। তিনি চিত্রনায়ক শাকিব খানের ‘রংবাজ’ সিনেমাতেও অভিনয় করেছিলেন।

পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী সাইফুল্লাহ তাকে ভবন থেকে ফেলে হত্যা করেছেন। তবে পুলিশের দাবি, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ওপর থেকে ফেলে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল গণমাধ্যমকে বলেন, নিহতের ছোট ভাই বাদী হয়ে মামলা করেছেন। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আরও স্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে।

অভিনয়জীবনে আসমা ঝিলিক একাধিক নাটক, মিউজিক ভিডিও ও চলচ্চিত্রে কাজ করেছেন। তার অভিনীত কয়েকটি চলচ্চিত্র বর্তমানে নির্মাণাধীন রয়েছে।

মন্তব্য করুন