পুলিশি হয়রানি ও স্বৈরাচারী চর্চা অব্যাহত রয়েছে: নাহিদ ইসলাম

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ণ
পুলিশি হয়রানি ও স্বৈরাচারী চর্চা অব্যাহত রয়েছে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: পুলিশি হয়রানি, বিরোধী মত দমন এবং পুরোনো স্বৈরাচারী চর্চা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগণের ওপর জুলুম-নির্যাতন চলছে এবং সরকার পুরোনো রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রেখেছে।

শনিবার (১৩ জুন) চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার দুর্নীতি, লুটপাট ও খেলাপি ঋণের সংস্কৃতি বন্ধে ব্যর্থ হয়েছে। এ কারণে বিরোধী দলের পক্ষে প্রস্তাবিত বাজেটের প্রশংসা করা সম্ভব নয়। বাজেট বাস্তবায়নে ব্যাপক বৈদেশিক ঋণের ওপর নির্ভর করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা ছাড়া দুর্নীতি ও লুটপাট বন্ধ করা সম্ভব নয়। ব্যাংক খাত, বিদ্যুৎ ব্যবস্থা এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

পুলিশ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বিচার বিভাগকে স্বাধীনভাবে পরিচালনার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এসব প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব হবে না।

সম্প্রতি এক জাতীয় ক্রিকেটারকে পুলিশ হয়রানির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের ঘটনা দেশে পুলিশি সংস্কারের ঘাটতিরই প্রমাণ। একই সঙ্গে বিরোধী দলকে কথা বলতে না দেওয়ার অভিযোগও করেন তিনি।

প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক চায়। সীমান্ত হত্যা ও বাংলাদেশিদের আটক হওয়ার ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন