জিয়ার সমাধিতে যুবদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক: নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির প্রথম কর্মসূচির অংশ হিসেবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী যুবদল। শনিবার (১৩ জুন) রাজধানীর জিয়া উদ্যানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বেলা সোয়া ১১টার দিকে শ্রদ্ধা নিবেদনের এই আয়োজন শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আসা নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নেন। পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।
শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ হাজারো নেতাকর্মী অংশ নেন।
যুবদলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু বলেন, নবগঠিত কমিটির প্রথম কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সংগঠনের ঐক্য ও শক্তির প্রতিফলন। জিয়ার আদর্শ ও খালেদা জিয়ার নেতৃত্বের চেতনা ধারণ করে তারা গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের স্বার্থে কাজ করে যাবে।
|