সিরাজদিখানে পুলিশের অভিযানে ১৪ আসামি গ্রেফতার
আসিফ বাঁধন, সিরাজদিখান প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অপরাধ দমন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১২ ঘণ্টাব্যাপী এক বিশেষ ঝটিকা অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর সুনির্দিষ্ট নির্দেশনায় গত ১১ জুন দিবাগত রাত থেকে ১২ জুন (শুক্রবার) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সিরাজদিখান থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১৪ জনের মধ্যে আদালতের সাজাপ্রাপ্ত ৫ জনসহ মোট ৭ জন ওয়ারেন্টভুক্ত (গ্রেফতারি পরোয়ানা) পলাতক আসামি রয়েছেন। এই ৭ জনের মধ্যে আবার দুই আসামির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুটি করে নিয়মিত গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
এ ছাড়া জুয়া আইনে দায়েরকৃত মামলায় ৫ জন, মাদক সংক্রান্ত মামলায় ১ জন, সন্দেহজনক ও অপরাধ সংঘটনের আশঙ্কায় ২ জন এবং ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) সাজাপ্রাপ্ত ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর সংশ্লিষ্ট আইনের ধারা মোতাবেক প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের বিজ্ঞ আদালত ও মোবাইল কোর্টের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানের সার্বিক বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালবেলা-কে বলেন, “উপজেলায় মাদক, জুয়া, চুরি-ডাকাতি ও যেকোনো ধরনের সামাজিক অপরাধ দমনে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ১২ ঘণ্টার এই বিশেষ অভিযানে ১৪ জন আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও জনস্বার্থ নিশ্চিত করতে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
এআইএল/সকালবেলা