কেমিক্যালে কলা পাকানোর অপরাধে কুমিল্লায় আড়তকে জরিমানা

প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ণ
কেমিক্যালে কলা পাকানোর অপরাধে কুমিল্লায় আড়তকে জরিমানা

হাবিবুর রহমান মুন্না (কুমিল্লা): কুমিল্লায় অপরিপক্ব কলা বিষাক্ত রাসায়নিক কেমিক্যাল দিয়ে পাকানোর অভিযোগে একটি কলার আড়ৎকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে কেমিক্যালে পাকানো এসব কলা জনসম্মুখে ধ্বংস করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার স্টেশন রোড ও রেসকোর্স এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মবহির্ভূতভাবে কলা পাকানোর অপরাধে ‘হালিমের কলার আড়ৎ’ নামের প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযانকালে ওই আড়তে অপরিপক্ব কলা রাসায়নিকের মাধ্যমে কৃত্রিম উপায়ে পাকানোর প্রমাণ মেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মতো পরিচালিত এই অভিযানে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায়ের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ক্ষতিকর কাজ থেকে বিরত থাকার মুচলেকা নেওয়া হয়।

এছাড়া অভিযানের সময় ওই এলাকার বিভিন্ন মুদি দোকান ও এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকানও তদারকি করা হয় এবং ব্যবসায়ীদের প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা জেলা পুলিশের একটি চৌকস দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন। জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এআইএল/সকালবেলা