কিশোরগঞ্জে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ
স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসচ্ছল ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের হাতে হুইলচেয়ার তুলে দেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান (ভিপি সোহেল)। এতে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদা রহমান, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, "সমাজের অবহেলিত, বিশেষ চাহিদাসম্পন্ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। প্রতিবন্ধিতা কোনো অভিশাপ নয়; সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে তাঁরাও সমাজের মূলধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। অসহায় ভাই-বোনদের চলাচলাকে সহজ করা এবং তাঁদের আত্মবিশ্বাস বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।"
তিনি আরও বলেন, সরকার ও জেলা প্রশাসনের এই মানবিক কর্মসূচিগুলোর মাধ্যমে অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। কিশোরগঞ্জ জেলা পরিষদ সব সময় মানবকল্যাণে সাধারণ মানুষের পাশে থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এআইএল/সকালবেলা