বরিশালে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ণ
বরিশালে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সাঈদ পান্থ (বরিশাল): বরিশাল নগরীতে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। 

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাতটার দিকে নগরীর বিএম কলেজ রোডের তালভিটা লেন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. নয়ন (২৫) ও তাঁর স্ত্রী মুক্তা আক্তার (২৯)। তাঁরা নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের তালভিটা লেনের কাশেম মহলের একটি বাসায় ভাড়া থাকতেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলমের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তাঁদের দেহ ও বাসা তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ইনফিনিক্স স্মার্টফোন জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এআইএল/সকালবেলা