ডুলাহাজারার সাফারি পার্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ণ
ডুলাহাজারার সাফারি পার্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) বিকেলে তিনি পার্কটিতে পৌঁছান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। একদিনের কক্সবাজার সফরে প্রথমে পিএমখালীতে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখা শেষে তিনি এই সাফারি পার্ক পরিদর্শনে যান।

সাফারি পার্কে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। পরিদর্শনের শুরুতে সাফারি পার্কের মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সাফারি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। এর আগে পিএমখালীর ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণ করে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ব্যতিক্রমী এক দৃশ্যের অবতারণা করে এদিন কক্সবাজার বিমানবন্দর থেকে নিজেই গাড়ি চালিয়ে পিএমখালীর খাল খনন কর্মসূচির স্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি গাড়ির পাশের আসনে বসান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে। গাড়ির পেছনের আসনে ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমেদ। পিএমখালীর সমাবেশ শেষে সেখান থেকেও আবারও নিজে গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে যান প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা ফুল ছিটিয়ে এবং হাত নেড়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।

মন্তব্য করুন