ইরানে আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্রের শাসনব্যবস্থা লক্ষ্যবস্তু করা এবং ধ্বংসযজ্ঞ চালানোর প্রসঙ্গে খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, ইরানের নেতৃত্ব কেন্দ্রিক পদক্ষেপে ওয়াশিংটন সম্ভবত ‘বাড়াবাড়ি’ করে ফেলেছে।
সোমবারে (১২ অক্টোবর) ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউন শহরে রিপাবলিকান পার্টির এক নির্বাচনী প্রচারণা সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা ও ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প স্বীকার করেন, ধারাবাহিকভাবে শীর্ষ নেতাদের হটিয়ে দেওয়ার পর এখন ওয়াশিংটন বুঝতে পারছে না ইরানে ঠিক কাদের সঙ্গে কাজ বা আলোচনা করবে। এমনকি ওয়াশিংটন যাদের দেশটির সম্ভাব্য নতুন নেতৃত্ব হিসেবে ভাবছিল, তাদের কেউই এ দায়িত্ব নিতে আগ্রহ দেখাচ্ছেন না বলে দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, “সত্যি বলতে, আমরা এখন কার সঙ্গে আলোচনা করব তা ঠিক করা কঠিন হয়ে পড়েছে। মনে হচ্ছে আমরাই বাড়াবাড়ি করে ফেলেছি।”
একই সঙ্গে ইরানের সামরিক শক্তি নিয়ে নিজস্ব দাবি পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট জানান, প্রায় আট মাসের চলমান সংঘাত ও যুদ্ধে ইরান তার বিমানবাহিনী এবং ১৫৯টি নৌযান হারিয়েছে। তাঁর ভাষায়, ইরানের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজগুলো এখন সমুদ্রের তলদেশে পড়ে আছে।
এদিকে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি, পারস্য উপসাগর ও ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার পটভূমিতে ট্রাম্পের এ মন্তব্য সামনে এলো। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্সের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, চলতি অক্টোবরের প্রথম তারিখ থেকে এ পর্যন্ত অন্তত ১৯টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
এআইএল/সকালবেলা