৫ লাখ সেনাকে ‘ড্রোন যোদ্ধা’ হিসেবে গড়ে তুলবে দক্ষিণ কোরিয়া

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ণ
৫ লাখ সেনাকে ‘ড্রোন যোদ্ধা’ হিসেবে গড়ে তুলবে দক্ষিণ কোরিয়া
সামরিক মহড়ায় দক্ষিণ কোরিয়ার ড্রোন ইউনিট
আন্তর্জাতিক ডেস্ক: আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ক্রমবর্ধমান গুরুত্ব বিবেচনায় নিয়ে এক যুগান্তকারী পরিকল্পনা হাতে নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির সেনাবাহিনীতে কর্মরত ৫ লাখ সেনাসদস্যকে ‘ড্রোন যোদ্ধা’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছে সিউল। এখন থেকে ট্যাংক বা কামানের মতোই ড্রোন হবে তাদের নিত্যদিনের গুরুত্বপূর্ণ অস্ত্র।

শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-ব্যাক এই মহাপরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত প্রমাণ করেছে যে, স্বল্প খরচে তৈরি বিপুলসংখ্যক ড্রোন যুদ্ধের ফলাফল মুহূর্তেই বদলে দিতে সক্ষম। তাই সেন, নৌ ও বিমান বাহিনীর প্রতিটি সদস্যকে এই প্রযুক্তিতে দক্ষ করে তোলাই মূল লক্ষ্য।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রশিক্ষণের সুবিধার্থে চলতি বছরের শেষ নাগাদ প্রায় ১১ হাজার বাণিজ্যিক ড্রোন সংগ্রহ করা হবে। এই সংখ্যা ২০২৯ সালের মধ্যে ৬০ হাজারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এছাড়া ২০৩০ সালের মধ্যে ২০ হাজারেরও বেশি স্বল্পমূল্যের ‘কামিকাজে’ বা আত্মঘাতী ড্রোন যুক্ত হবে তাদের সামরিক বহরে। এর পাশাপাশি নিজস্ব প্রযুক্তিতে দূরপাল্লার ড্রোন ‘কে-লুকাস’ তৈরির কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।

ড্রোন ব্যবহারের পাশাপাশি প্রতিরোধব্যবস্থাও জোরদার করছে দক্ষিণ কোরিয়া। এজন্য লেজার ও উচ্চক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভ প্রযুক্তির অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। উত্তর কোরিয়ার ড্রোন সক্ষমতা নিয়ে উদ্বেগের মধ্যেই সিউলের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০২২ সালে উত্তর কোরিয়ার বেশ কয়েকটি ড্রোন দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে প্রেসিডেন্টের কার্যালয়ের আশপাশে পৌঁছে গিয়েছিল, যা দেশটির নিরাপত্তাব্যবস্থায় বড় ধরনের অস্বস্তি তৈরি করে।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের কারণে উত্তর কোরিয়ার ড্রোন প্রযুক্তিতে বিশাল উন্নতি হয়েছে। ইউক্রেন যুদ্ধে সরাসরি অংশ নিয়ে পিয়ংইয়ং তাদের ড্রোন কৌশলের আধুনিকায়ন করছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার এই বৃহৎ পরিকল্পনা তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে কয়েক ধাপ এগিয়ে রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে উত্তর কোরিয়াও বসে নেই; আজই দেশটির নেতা কিম জং-উন নতুন কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট আর্টিলারি ব্যবস্থার পরীক্ষা তদারক করেছেন বলে জানিয়েছে পিয়ংইয়ং।

মন্তব্য করুন