কুমিল্লায় স্কুলছাত্রের শরীরে এখনও গুলি, পাঠানো হলো ঢাকায়

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ণ
কুমিল্লায় স্কুলছাত্রের শরীরে এখনও গুলি, পাঠানো হলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে দুর্বৃত্তদের গুলিতে আহত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেমের শরীর থেকে এখনও গুলি বের করা সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলেও জটিলতার কারণে চিকিৎসকরা এখনও অস্ত্রোপচার করতে পারেননি।

ইথানের বাবা ইউনুস মিয়া জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা ঝুঁকি নিয়ে গুলি বের করতে না পারায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে অপারেশন থিয়েটারে নেওয়া হলেও বড় সার্জনদের সিদ্ধান্তের অপেক্ষায় এখনও মূল অস্ত্রোপচার স্থগিত রয়েছে। তিনি আরও জানান, ক্ষতস্থান থেকে ক্রমাগত রক্তক্ষরণ হওয়ায় তাকে অনবরত রক্ত দিতে হচ্ছে।

স্কুলছাত্রের মা সোনিয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার একমাত্র ছেলেটা টিফিনের বিরতিতে বাসায় আসার পথে গুলিবিদ্ধ হয়েছে। তাকে ছাড়া আমি বাঁচব না। মাঝেমধ্যে ও চোখ খুলছে, কিন্তু ছোট্ট শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। ছেলেটা খুব কষ্ট পাচ্ছে।"

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান জানান, গুলিটি ইথানের পিঠ দিয়ে ঢুকে ফুসফুস পর্যন্ত আঘাত করেছে। অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এবং হাসপাতালে আইসিইউ (ICU) শয্যা খালি না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়।

এই নৃশংস হামলার ঘটনায় গত বৃহস্পতিবার গভীর রাতে ইথানের বাবা ইউনুস মিয়া বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে বাকি ছয়জন অজ্ঞাতনামা। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মামলার পরপরই শুক্রবার (২৬ জুন) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে শ্রাবণ নামে এক চিহ্নিত আসামিকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম ও ডিবি অভিযান অব্যাহত রেখেছে।

এদিকে কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী শুক্রবার বলেন, "গত রাতে গুলিবিদ্ধ স্কুলছাত্রের পরিবারের সঙ্গে দেখা করেছি। একজন জনপ্রতিনিধি হিসেবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই। জড়িতদের দ্রুত আইনের আওটায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করেছি।"

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় ‘নাগরিক কমিটি’র উদ্যোগে স্থানীয় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে একটি মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি চলছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে আগের দিন রাতে চিহ্নিত মাদক কারবারি অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনার জের ধরে এই হামলা চালানো হয়। মানববন্ধন চলাকালে হঠাৎ একদল অস্ত্রধারী দুর্বৃত্ত লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে হামলা ও গুলিবর্ষণ শুরু করলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় স্কুল থেকে টিফিনের বিরতিতে বাসায় যাওয়ার পথে রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ইথান আহমেদ প্রেম পিঠে গুলিবিদ্ধ হয়। হামলায় ইথান ছাড়াও অন্তত আরও ছয়জন পথচারী ও আন্দোলনকারী আহত হয়েছেন।

মন্তব্য করুন