অভয়নগরে ইয়াবা সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড
অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে প্রকাশ্যে ইয়াবা সেবন এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে চার যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন— উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামের মৃত ফজলু গাজীর ছেলে শফিকুল ইসলাম (৪০), একই গ্রামের শহিদ মোল্যার ছেলে রুবেল মোল্যা (৩২), আলী বিশ্বাসের ছেলে খলিল উল্লাহ (১৮) এবং চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের তুষার রায়ের ছেলে মানবেন্দ্র রায় (২৭)।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে উপজেলার হিদিয়া ও চলিশিয়া গ্রামে থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে মাদকবিরোধী ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানকালে ইয়াবা সেবনরত অবস্থায় ওই চার যুবককে হাতেনাতে আটক করে পুলিশ।
পরে আটকদের তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থাপিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে আসামিরা নিজেদের অপরাধ স্বীকার করলে বিজ্ঞ আদালত শফিকুল ইসলাম, রুবেল মোল্যা ও খলিল উল্লাহকে ১৫ দিন করে এবং মানবেন্দ্র রায়কে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে নগদ ১০০ টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু সংবাদমাধ্যমকে বলেন, “আটককৃত যুবকদের বিরুদ্ধে ইয়াবা সেবনের পর মাতলামি করা এবং সাধারণ জনগণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগ প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এই আইনি শাস্তি দেওয়া হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এমন অভিযান ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”
দণ্ডপ্রাপ্ত আসামিদের আজ বিকেলেই যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
এআইএল/সকালবেলা
|