ইসরায়েলকে বিনা শর্তে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ণ
ইসরায়েলকে বিনা শর্তে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান
হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দখল করে রাখা ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীকে বিনা শর্তে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন হিজবুল্লাহর প্রধান নাঈম কাশেম। তিনি স্পষ্ট করেছেন যে, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের সামনে লেবানন ছাড়ার কোনো বিকল্প পথ খোলা নেই। পবিত্র আশুরা উপলক্ষে বৈরুতের দক্ষিণ শহরতলীতে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এই কঠোর বার্তা প্রদান করেন।

নাঈম কাশেম বলেন, “লেবাননের প্রতিটি ইঞ্চি ভূমি থেকে ইসরায়েলি বাহিনীকে অবশ্যই সেনা প্রত্যাহার করতে হবে। তাদের হাতে এখন আর অন্য কোনো বিকল্প নেই। ইসরায়েলকে নিঃশর্তভাবে লেবানন ত্যাগ করতে হবে।”

উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে লেবানন সীমান্ত। ২ মার্চ হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরায়েলি বিমান হামলায় লেবাননে চার হাজার দুইশরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যদিও এপ্রিল মাসে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা এসেছিল এবং বর্তমানে ওয়াশিংটন-তেহরান শান্তি চুক্তির আওতায় যুদ্ধ থামানোর প্রক্রিয়া চলছে, তবুও হামলা পুরোপুরি বন্ধ হয়নি। চলতি সপ্তাহেও ইসরায়েলি হামলায় ছয়জন লেবানিজ নাগরিক নিহত হয়েছেন।

ওয়াশিংটনে চলমান পঞ্চম দফার শান্তি আলোচনার মধ্যেই হিজবুল্লাহ প্রধানের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ। নাঈম কাশেম পরিষ্কার ভাষায় জানিয়েছেন যে, তার সংগঠন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো প্রচেষ্টাকে স্বীকৃতি দেবে না। তিনি বলেন, “আমরা ইসরায়েলের অতীত অপরাধ ভুলে যাব না বা তাদের কোনো ইতিবাচক অর্জন মেনে নেব না।”

ভাষণে তিনি ওয়াশিংটন-তেহরান শান্তি চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার বিষয়ে ইরানের ভূমিকার প্রশংসা করেন। নাঈম কাশেমের মতে, এই চুক্তি কার্যত “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয়ের আনুষ্ঠানিক ঘোষণা।” লেবাননের সীমানা থেকে ইসরায়েলি বাহিনীর চূড়ান্ত অপসারণ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ তাদের অবস্থানে অটল থাকবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

মন্তব্য করুন