বরিশাল-ঢাকা মহাসড়ক: ৬ লেনের দাবিতে সড়ক অবরোধ
সাঈদ পান্থ, বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়ককে চারলেনের মূল সড়ক ও দুই পাশে দুটি সার্ভিস লেনসহ মোট ছয়লেনে উন্নীত করার দাবিতে এক বিশাল মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ জুন) বাদ জুম্মা বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নবাসীর ব্যানারে "নিরাপদ সড়ক চাই, জীবন বাঁচাতে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয়লেন মহাসড়ক চাই" স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি পালন করা হয়। গৌরনদীর ভূরঘাটা বাসটার্মিনাল থেকে ইল্লা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মহাসড়কজুড়ে এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।
জুম্মার নামাজের পর মহাসড়কের পাশের বিভিন্ন মসজিদের মুসল্লিরা স্ব-স্ব এলাকায় মানববন্ধনে এসে যোগ দেন। গৌরনদী ও উজিরপুর উপজেলা এবং মাদারীপুরের কালকিনিসহ বিভিন্ন অঞ্চলের সচেতন নাগরিকেরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ছয়লেন মহাসড়কের পক্ষে বিভিন্ন যৌক্তিক দাবি সম্বলিত ফেস্টুন ও প্লাকার্ড শোভা পায়।
প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বরিশালের প্রবেশদ্বার ভূরঘাটা বাস টার্মিনালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা গত ২৩ জুন খাঞ্জাপুরের বটতলা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কুয়েত প্রবাসী সোহেল ফকিরের (২৪) ঘাতক বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় সংগঠক কাজী সুজন বলেন, "পদ্মা সেতু চালুর পর এই মহাসড়কে যানবাহনের চাপ বহুগুণ বেড়ে গেছে। ফলে বর্তমানের দুই লেনের সরু মহাসড়কটি এখন আর পর্যাপ্ত নয়। ফেরিঘাটের আগের যানজট এখন মহাসড়কের ভাঙ্গা, টেকেরহাট, মোস্তফাপুর, ভূরঘাটা, গৌরনদী, টরকী, বাটাজোরসহ বিভিন্ন পয়েন্টে এসে স্থানান্তরিত হয়েছে। ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কটি ছয়লেনে উন্নীত করা হলে তীব্র যানজট নিরসন, সময় সাশ্রয় ও দুর্ঘটনা নাটকীয়ভাবে কমে আসবে।"
খাঞ্জাপুর এলাকার যুব প্রতিনিধি আতিক মৃধা বলেন, "সরু রাস্তায় দূরপাল্লার দ্রুতগতির বাসের পাশাপাশি নসিমন, করিমন, ইজিবাইকের মতো ধীরগতির স্থানীয় যানবাহন একই লেনে চলাচল করায় প্রতিনিয়ত মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। ৬ লেনের মহাসড়কে ধীর ও দ্রুতগতির যানবাহনের জন্য আলাদা সার্ভিস লেন থাকলে দুর্ঘটনা প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে।"
সমাজসেবক মো. পান্নু মৃধা ও চাকরিজীবী ফেরদাউস হোসেন সোহাগ বলেন, বরিশাল অঞ্চলের পচনশীল কৃষিপণ্য, মাছ ও পোল্ট্রি দ্রুত ঢাকায় পৌঁছাতে এবং কুয়াকাটা সমুদ্র সৈকত ও ভাসমান পেয়ারা বাজারের মতো পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক আকর্ষণ করতে এই মহাসড়কটি ৬ লেনে রূপান্তর করা জরুরি। এতে দক্ষিণাঞ্চলে নতুন নতুন শিল্পকারখানা ও কর্মসংস্থান সৃষ্টি হবে।
খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছোটন হাওলাদার বলেন, সামগ্রিক জাতীয় অর্থনীতিকে আরও গতিশীল এবং নিরাপদ করতে ঢাকা-বরিশাল মহাসড়কটি ছয়লেনে রূপান্তর করা এখন সময়ের দাবি। সভায় আরও বক্তব্য রাখেন— সমাজসেবক এমারাত সরদার, জুয়েল হাওলাদার ও মাইনুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী এই অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় আটকে পড়া যানবাহনের চালক, স্টাফ ও সাধারণ যাত্রীরাও এলাকাবাসীর এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন।
বক্তারা অনতিবিলম্বে এই সরু মহাসড়কটিকে ৬ লেনে উন্নীত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, মন্ত্রী ও প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
এআইএল/সকালবেলা
|