কোটচাঁদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ণ
কোটচাঁদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোটচাঁদপুর পৌরসভার মেইন বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মোহাম্মদ ইব্রাহিম (২৬) এবং বাসস্ট্যান্ড পূর্বপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে ইমরান সিদ্দিক (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর থানা এলাকায় নিয়মিত মাদক উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল ডিউটি করাকালীন গোপন সংবাদ আসে যে বাসস্ট্যান্ড এলাকায় মাদক কেনাবেচা চলছে। এমন তথ্যের ভিত্তিতে কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে ঝটিকা অভিযান চালায়। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে ইব্রাহিম ও ইমরানকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

কোটচাঁদপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ তাঁদের ঝিনাইদহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, মাদকের অবক্ষয় থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কোটচাঁদপুর থানা পুলিশের এই মাদকবিরোধী চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন