ডিমের ন্যায্য মূল্যের দাবিতে খামারিদের মানববন্ধন
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: পোলট্রি খাদ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ডিমের যৌক্তিক মূল্য নির্ধারণ এবং বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মোসলেমের মোড় এলাকায় রাজশাহী পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন ও প্রান্তিক খামারি সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে শতাধিক পোলট্রি ডিম ব্যবসায়ী ও প্রান্তিক খামারি অংশ নেন।
ব্যতিক্রমী এই মানববন্ধন আয়োজনে সার্বিক সহযোগিতা করেন প্রান্তিক খামারি সংগঠনের সভাপতি প্রার্থী জয়নুল আবেদীন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে পোলট্রি ফিড (খাদ্য) এবং খামারে ব্যবহৃত ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীনভাবে বেড়েছে। অথচ খামারিদের উৎপাদিত ডিমের দাম সেই অনুপাতে বাড়ছে না, বরং বড় সিন্ডিকেটের কারণে তা আরও কমছে। বর্তমানে মাঠপর্যায়ে প্রতিটি ডিমের উৎপাদন খরচ হচ্ছে অন্তত ৯ টাকা ৫০ পয়সা। কিন্তু সিন্ডিকেটের কবলে পড়ে খামারিরা বাধ্য হয়ে মাত্র ৬ টাকা ৫০ পয়সায় ডিম বিক্রি করছেন। এতে প্রতিটি ডিমে খামারিদের সরাসরি ৩ টাকা করে লোকসান গুনতে হচ্ছে।
খামারিরা জানান, ক্রমাগত লোকসানের কারণে এই সম্ভাবনাময় শিল্প আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। অনেক খামারি পৈতৃক সম্পত্তি বিক্রি করে নিঃস্ব হয়ে গেছেন। অনেকেই খামার বন্ধ করে দিয়ে বেকার জীবন কাটাচ্ছেন, আবার কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন। এর ফলে দিন দিন গ্রামীণ কর্মসংস্থান কমে যাচ্ছে এবং বেকারত্বের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে।
মানববন্ধনে খামারিরা অবিলম্বে ডিমের বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে প্রশাসন ও সরকারের প্রতি জোর আহ্বান জানান। নিয়মিত বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে মধ্যস্বত্বভোগী ও বড় কর্পোরেট সিন্ডিকেট মুক্ত করে ডিমের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী পোলট্রি ডিলার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোঃ কামাল হোসেন, প্রান্তিক খামারি সংগঠনের সভাপতি প্রার্থী মোঃ জয়নুল আবেদীন, হরিয়ান ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোঃ রাকিবুল ইসলাম রাকিব, আদর্শ পোল্ট্রি ফিডের মালিক মোঃ আরিফ হোসেন, নাটোর সুগার মিলের আইয়ুব আলী, মোসলেমের মোড় কমিটির সেক্রেটারি মোঃ রেজাউল করিম রেজা এবং খামারি সাদ্দাম হোসেন।
কর্মসূচিতে স্থানীয় খামারিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— বাচ্চু মিয়া, শফিকুল ইসলাম, নূর হক, ফরহাদ হোসেন, শামিম হোসেন, মোঃ রকি, শিমুল ইসলাম, আব্দুল মতিন, মোঃ আলাউদ্দিন, ইয়াসিন আলী, কাওসার হোসেনসহ বিভিন্ন অঞ্চলের প্রান্তিক খামারিবৃন্দ।
এআইএল/সকালবেলা
|