খামেনি হওয়ার আগেই নিহত আরাফি ?

খামেনি হওয়ার আগেই  নিহত আরাফি ?

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে চরম নেতৃত্ব সংকট তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলায় গঠিত তিন সদস্যের অন্তর্বর্তীকালীন কাউন্সিলের অন্যতম সদস্য আয়াতুল্লাহ আলীরেজা আরাফিও নতুন এক হামলায় নিহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সোমবার (২ মার্চ) বিভিন্ন ইসরায়েলি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই দাবি করা হলেও ইরান বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যম এখন পর্যন্ত এর সত্যতা নিশ্চিত করেনি।

অন্তর্বর্তীকালীন কাউন্সিল ও আরাফি খামেনির মৃত্যুর পর দেশের স্থিতিশীলতা বজায় রাখতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি-এজেইর সঙ্গে আলীরেজা আরাফিকে নিয়ে একটি বিশেষ কাউন্সিল গঠন করা হয়। একজন স্থায়ী সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই কাউন্সিলেরই দেশ শাসনের কথা। দীর্ঘদিনের প্রভাবশালী এই ধর্মীয় ব্যক্তিত্বকেই খামেনির পরবর্তী স্থলাভিষিক্ত হিসেবে ভাবা হচ্ছিল।

নিহতের গুঞ্জন ও বর্তমান পরিস্থিতি দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক ঘণ্টার মাথায় তেহরানে নতুন এক বিমান হামলায় আরাফি নিহত হয়েছেন বলে দাবি করেছে কিছু ইসরায়েলি সংবাদমাধ্যম। সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনও এক্সে (সাবেক টুইটার) একই দাবি করেছেন। এই খবরের সত্যতা নিশ্চিত না হলেও তেহরানসহ পুরো ইরানে চরম অনিশ্চয়তা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এদিকে, মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের মুখে ইরানও পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। দেশটির বাহিনী ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে এবং প্রতিশোধ হিসেবে উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

এমএম/সকালবেলা

মন্তব্য করুন