ইসরায়েল-আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে ইরানকে প্রকাশ্য সমর্থন দিল চীন

ইসরায়েল-আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে ইরানকে প্রকাশ্য সমর্থন দিল চীন

মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইরানের প্রতি প্রকাশ্য সমর্থন ব্যক্ত করেছে চীন। সোমবার (২ মার্চ) এক ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাঁর ইরানি সমকক্ষ আব্বাস আরাগচিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে তেহরানের আত্মরক্ষার প্রচেষ্টাকে বেইজিং সমর্থন করে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অভ্যন্তরে ডজনখানেক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করার পর দেশটিতে শত শত মানুষ নিহত হয়েছে। এর জবাবে তেহরানও ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো এবং সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ ঘাঁটির দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ওয়াং ই বলেন, চীন ও ইরানের ঐতিহ্যগত বন্ধুত্ব অত্যন্ত গভীর। বেইজিং ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় সবসময় পাশে থাকবে।

সিসিটিভির উদ্ধৃতি অনুযায়ী, ওয়াং ই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে হবে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে পৃথক এক ফোনালাপে তিনি অভিযোগ তোলেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘ইচ্ছাকৃতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উসকে দিয়ে’ জাতিসংঘ সনদের নীতিমালা লঙ্ঘন করছে।

এ ছাড়া ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোর সঙ্গে আলাপে ওয়াং ই সতর্ক করেন যে, বিশ্ব বর্তমানে ‘জঙ্গলের আইনে প্রত্যাবর্তনের’ ঝুঁকিতে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, সামরিক শ্রেষ্ঠত্বের ভিত্তিতে কোনো প্রধান শক্তি অন্য দেশের ওপর ইচ্ছামতো হামলা চালাতে পারে না। ইরানের পারমাণবিক ইস্যুটি শেষ পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরে আসতে হবে বলেও তিনি মত প্রকাশ করেন। এ পর্যন্ত এই সংঘাতে চারজন মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে, ইরানের সঙ্গে এই যুদ্ধ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন