কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ শহরের আলোরমেলা এলাকা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে ভাড়া বাসা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত ইফতি নান্দাইল উপজেলার মুশুল্লি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক মুমতাজ মুকুলের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুমতাজ মুকুলের দুই স্ত্রী। ছোট স্ত্রী ইফতিকে নিয়ে তিনি আলোরমেলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং তাঁর বড় স্ত্রী সন্তানদের নিয়ে শহরের গাইটাল এলাকায় বসবাস করেন। স্থানীয় বাসিন্দারা জানান, ইফতির সঙ্গেই মুকুল বেশি সময় কাটাতেন, তবে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রোববার রাতেও তাঁদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে প্রতিবেশীরা জানালা দিয়ে ইফতিকে দড়িতে ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সময় তাঁর স্বামী বাসায় ছিলেন না। তবে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য প্রভাষক মুকুলকে নিজেদের জিম্মায় নিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে ইফতি আত্মহত্যা করে থাকতে পারেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি; অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন