নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষয়ক্ষতির পাল্টাপাল্টি দাবি

নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষয়ক্ষতির পাল্টাপাল্টি দাবি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং দেশটির বিমানবাহিনীর কমান্ডারের দপ্তরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের অভিজাত ‘খাইবার’ ক্ষেপণাস্ত্রের আঘাতে লক্ষ্যস্থল দুটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। সোমবার (২ মার্চ) আইআরজিসির গণসংযোগ বিভাগ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জায়নবাদী শাসকের প্রধানমন্ত্রীর দপ্তর ও বিমানবাহিনীর কমান্ডারের অবস্থানে দশম দফার এই আকস্মিক ও নির্ভুল হামলা চালানো হয়। এই হামলার পর নেতানিয়াহুর বর্তমান অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে ইরানি গণমাধ্যমগুলো দাবি করছে।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে ভিন্ন দাবি করা হয়েছে। তারা ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি স্বীকার করলেও জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে ইসরায়েল জুড়ে উচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন