শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার সব স্কুলে ১৪ বছরের কম বয়সী ছাত্রীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে রাজধানী ভিয়েনাসহ দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন এই আইনটি বাস্তবায়ন করা শুরু হয়।
আইনটি পাসের পক্ষে যুক্তি দেখিয়ে সরকার জানায়, হিজাব অল্পবয়সী শিশুদের মানসিক স্বাধীনতা ও স্বাভাবিক বিকাশের পথে বাধা সৃষ্টি করে। এর আগে দেশটির পার্লামেন্টে বিলটি পাস হওয়ার পর মুসলিমদের শীর্ষ সংগঠন 'দ্য ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়া' (আইজিজিও) এটিকে মৌলিক অধিকারের পরিপন্থী অ্যাখ্যা দিয়ে সাংবিধানিক আদালতে চ্যালেঞ্জ করে। তবে চলতি বছরের জুলাইয়ে আদালত আবেদনটি খারিজ করে দেন।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওআরএফকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির শিক্ষামন্ত্রী জানান, আইনি প্রতিক্রিয়া ও সংবিধানের ধারা বিবেচনায় নিয়েই বিলটি কার্যকর করা হয়েছে। তবে দেশীয় বামপন্থী দলগুলো এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দেওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এআইএল/সকালবেলা