কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, মেলেনি বিচার
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ছাত্রী সুমাইয়া আফরিন রিনথী ও তাঁর মা তাহমিনা বেগম হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হলেও এখনো মেলেনি বিচার। ঘাতক গ্রেপ্তার ও আদালতে অপরাধ স্বীকার করলেও বিচারিক প্রক্রিয়ার ধীরগতিতে ক্ষুব্ধ স্বজন ও শিক্ষার্থীরা।
গত বছরের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার ভাড়া বাসায় সুমাইয়া ও তাঁর মাকে হত্যা করা হয়। ঘটনার পরদিন পুলিশ অভিযুক্ত ঝাড়ফুঁককারী মোবারক হোসেনকে গ্রেপ্তার করে। আদালতে দেওয়া স্বীকারোক্তিতে মোবারক জানান, সুমাইয়াকে ধর্ষণের চেষ্টাকালে মা দেখে ফেললে উভয়কে শ্বাসরোধে হত্যা করেন তিনি।
দীর্ঘ এক বছরেও মামলার রায় না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিহত সুমাইয়ার সহপাঠী মেহেদি হাসান, মুনিয়া আফরোজ ও হুমাইরা তাসনিম দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মামলার বাদীপক্ষ ও আইনজীবী অ্যাডভোকেট সোহেল হোসাইন জানান, এখন পর্যন্ত পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামী মাসের ১৭ তারিখ পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
এআইএল/সকালবেলা