প্রাথমিকে শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত: গণশিক্ষা প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৪ হাজার নতুন শিক্ষকের পদায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত সব ধরনের শিক্ষক বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান। এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর করা হবে বলেও তিনি স্পষ্ট করেন।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও ঘোষণা দেন, আগামী বছর থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় 'মিড ডে মিল' কার্যক্রম চালু করা হবে।
বদলি স্থগিতের বিষয়টি ব্যাখ্যা করে ববি হাজ্জাজ বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন শেষ হলে নতুন নীতিমালার আলোকে পুনরায় বদলি প্রক্রিয়া শুরু হবে। এছাড়া উপবৃত্তি প্রদান প্রসঙ্গে তিনি জানান, এটিকে পরিবারের আর্থিক চাহিদার ওপর ভিত্তি করে বণ্টন করার এবং এর বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার।
প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন, মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক করার প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার আলো দেখাতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম জোরদার করা হচ্ছে। দেশের সাক্ষরতার হার বর্তমানে ৭৮.৯৮ শতাংশে উন্নীত হলেও প্রান্তিক জনগোষ্ঠী ও শিক্ষা থেকে বঞ্চিতদের উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনা সরকারের অন্যতম রাষ্ট্রীয় দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।
এআইএল/সকালবেলা