কোলে ফের সদ্যোজাত, ‘তিন নম্বর জন ডান’ লিখে পরীমণির চমক
নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়িকা পরীমণির কোলে ফের এক ফুটফুটে সদ্যোজাত শিশুকে দেখে চমকে গেছেন তার অনুরাগী ও ভক্তরা। সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পরিপাটি সাজে গাড়িতে বসা ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। ছবিতে তার কোলে এক শিশুকে দেখা যায়।
ছবিটির ক্যাপশনে পরীমণি লেখেন, "তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।"
মুহূর্তের মধ্যে পোস্টটি ছড়িয়ে পড়লে নেটিজেনদের মনে প্রশ্ন জাগে, তবে কি আবারও সন্তান দত্তক নিলেন এই অভিনেত্রী? সন্তানপ্রেমী হিসেবে পরিচিত এই চিত্রনায়িকা এর আগেও একাধিকবার প্রকাশ্যেই বহু সন্তানের মা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। এমনকি মজা করে শত সন্তানের মা হওয়ার লক্ষ্যের কথাও বলেছিলেন তিনি। ভক্তদের ধারণা, হয়তো সেই লক্ষ্যেই এগোচ্ছেন এই নায়িকা।
অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের পর তাদের ঘরে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। রাজের সঙ্গে বিচ্ছেদের পর পূণ্যকে একাই লালন-পালন করছিলেন তিনি। পরবর্তীতে তিনি এক কন্যা সন্তান দত্তক নেন এবং তার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। দুই সন্তানকে নিয়ে একা হাতেই তার সংসার। ব্যস্ততার মাঝেও সন্তানদের সঙ্গেই বেশির ভাগ সময় পার করেন এবং সেই মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।
ছবিটি পোস্ট করার পরপরই মন্তব্যের ঘরে অভিনন্দন জানানোর পাশাপাশি শিশুটির পরিচয় জানতে চেয়ে ভিড় জমান অনুরাগীরা। বিষয়টি নিয়ে সত্যতা যাচাইয়ের জন্য পরীমণির মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রসঙ্গটি তোলার পরপরই তিনি কলটি কেটে দেন। ফলে রহস্যময় শিশুটিকে ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে। তবে ভক্তদের বড় অংশ মনে করছেন, পরীমণি নতুন করে আরেক সন্তান দত্তক নিয়েছেন।