গাজীপুরে শ্রমিকবাহী বাস উল্টে আহত ১৫
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী একটি বাস সড়কের পাশে উল্টে পড়ে নারীসহ অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কুতুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জিএমএস টেক্সটাইল কারখানার শ্রমিকবাহী বাসটি মেদীআশুলাইসহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুতুবদিয়া এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন জানান, হাসপাতালে আসা আহত শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ময়মনসিংহে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
এআইএল/সকালবেলা