নারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাইকচালকের
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দেবজিৎ দুলাল মৃদুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুলাউড়া পৌর শহরের স্কুল চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মৃদুল কুলাউড়া পৌর এলাকার দিপন দেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল চৌমুহনী এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় এক নারী পথচারী হঠাৎ সামনে চলে এলে তাঁকে বাঁচাতে গিয়ে মৃদুল তীব্র গতিতে নিয়ন্ত্রণ হারান। এ সময় তিনি সড়কের পাশের একটি নালায় সজোরে ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান।
স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।
কুলাউড়া থানার এসআই ফরহাদ মাতুব্বর জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এআইএল/সকালবেলা