কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ‘ভুলবশত’ ৩ মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত

কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ‘ভুলবশত’ ৩ মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের ওপর ইরানি হামলার মুখে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ‘ভুলবশত’ ভূপাতিত হয়েছে। সোমবার (২ মার্চ) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। বিধ্বস্ত হওয়া তিনটি বিমানের ছয়জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং বর্তমানে তাঁরা স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের ওপর ইরানের বিমানবাহিনী, ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানোর সময় এই ঘটনা ঘটে। চলমান এই যুদ্ধে এই প্রথম ইরানের পুরোনো বিমান বহরকে সরাসরি লড়াইয়ে অংশ নিতে দেখা গেল। কুয়েত এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা স্বীকার করেছে। মার্কিন সামরিক বাহিনী এই ঘটনায় কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেছে এবং চলমান অভিযানে তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এদিকে, কুয়েতে বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের অন্তত একটি যুদ্ধবিমানে হামলার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা কুয়েতে বিধ্বস্ত মার্কিন বিমানগুলোর একটিকে লক্ষ্যবস্তু করেছিল, তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এমএম/সকালবেলা

মন্তব্য করুন