মার্কিন নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় পরিস্থিতি শান্ত করার ঘোষণা ট্রাম্পের

মার্কিন নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় পরিস্থিতি শান্ত করার ঘোষণা ট্রাম্পের

মার্কিন নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় পরিস্থিতি শান্ত করার ঘোষণা ট্রাম্পের

রাকিব খান: মিনেসোটায় ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে এক মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর প্রশাসন সেখানে “কিছুটা উত্তেজনা কমাবে।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সব মিলিয়ে ঘটনা খুব ভয়াবহ।” গত জানুয়ারির শুরুতে মিনেসোটায় অভিবাসন কর্মকর্তার গুলিতে রেনি গুড নামের এক নারী নিহত হন। এরপর গত সপ্তাহান্তে সীমান্তরক্ষীদের থামানোর পর অ্যালেক্স প্রেটি নামের আরেক ব্যক্তি নিহত হন। প্রেটির মৃত্যুর ঘটনায় স্থানীয়ভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। দুই দলের আইনপ্রণেতারাও এ ঘটনায় সমালোচনা করেছেন।

এ ঘটনার পর মিনেসোটায় পরিচালিত অভিযানে প্রশাসন কিছুটা পিছিয়ে আসছে—এমন ইঙ্গিতও পাওয়া যায়। গত সোমবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) মিনেসোটায় অভিযানের নেতা ও পরিচিত মুখ বর্ডার প্যাট্রোল কর্মকর্তা গ্রেগরি বোভিনোকে রাজ্য থেকে সরিয়ে নেয়।

ডিএইচএস জানিয়েছে, হোয়াইট হাউসের সীমান্তবিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টম হোম্যানকে সেখানে দায়িত্ব নিতে পাঠানো হয়েছে। তিনি এই সপ্তাহেই স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানানো হয়। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে হোম্যান জানান, তিনি মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ, মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে আইওয়ায় একটি সমাবেশের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ভেটেরান্স হাসপাতালের একজন আইসিইউ নার্স প্রেটির মৃত্যু “খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।” সাংবাদিকরা প্রেটিকে “ঘরোয়া সন্ত্রাসী” হিসেবে আখ্যা দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, “আমি এটা শুনিনি।” পরে তিনি আরও বলেন, “তার কাছে বন্দুক থাকা উচিত হয়নি।” হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম বলেন, সংঘর্ষের সময় প্রেটি বন্দুক “প্রদর্শন” করায় তাকে গুলি করা হয়। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকটি আইনগতভাবে নিবন্ধিত ছিল এবং প্রেটির কাছ থেকে অস্ত্র সরিয়ে নেওয়ার পর তাকে গুলি করা হয়।


ডিএইচএস আরও দাবি করেছে, প্রেটি তাদের নিরস্ত্র করার চেষ্টা প্রতিরোধ করায় কর্মকর্তারা আত্মরক্ষায় গুলি চালিয়েছেন। তবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্মকর্তাদের বক্তব্য ভিন্ন। তাদের মতে, প্রেটির হাতে অস্ত্র নয়, একটি ফোন ছিল।

গুলির ঘটনার পরপরই নোয়েম বলেন, “তিনি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে আসেননি, তিনি সহিংসতা ছড়াতে এসেছিলেন।” তিনি প্রেটিকে “ঘরোয়া সন্ত্রাসবাদে” জড়িত বলেও অভিযোগ করেন। প্রেটির মৃত্যুর দুই সপ্তাহ আগেই ৩৭ বছর বয়সী রেনি গুড গুলিতে নিহত হওয়ায় ক্ষোভ আরও বেড়েছে। রাজ্য ও নগর কর্তৃপক্ষের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের প্রতি অঞ্চলটি থেকে ৩ হাজার অভিবাসন কর্মকর্তা ও এজেন্ট প্রত্যাহারের দাবিও উঠেছে।

এক সাক্ষাৎকারে ট্রাম্প মিনেসোটায় অভিযানকে সমর্থন করে বলেন, “আমরা রাজ্য থেকে হাজার হাজার কঠোর অপরাধীকে সরিয়ে দিয়েছি,” যার ফলে সেখানে অপরাধের হার কমেছে বলে দাবি করেন তিনি। এরপর তিনি বলেন, “এখন সেখানে টম হোম্যান আছে,” এবং প্রশাসন পরিস্থিতি শান্ত করবে।

এদিকে, হোয়াইট হাউসের শীর্ষ সহকারী স্টিফেন মিলার বলেন, মিনেসোটায় পাঠানো অতিরিক্ত জনবলকে মূলত ‘ফিউগিটিভ অপারেশন’ পরিচালনায় ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে গ্রেপ্তারকারী দল এবং বাধা সৃষ্টি করা ব্যক্তিদের মধ্যে একটি শারীরিক দূরত্ব বজায় থাকে। তিনি বলেন, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন দল কেন সেই নির্দেশনা অনুসরণ করেনি, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রেটির মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি তুলেছেন কিছু রিপাবলিকান নেতা ও আইনপ্রণেতাও। তাদের মধ্যে রয়েছেন ভারমন্টের গভর্নর ফিল স্কট এবং নেব্রাস্কার সিনেটর পিট রিকেটস। এক পোস্টে রিকেটস বলেন, “দেশ এই সপ্তাহে ভয়াবহ একটি পরিস্থিতি দেখেছে।” তিনি আইসিইউকে অর্থায়নের সমর্থন আগের মতোই থাকলেও, এই ঘটনার “অগ্রাধিকারভিত্তিক ও স্বচ্ছ তদন্ত” প্রত্যাশা করেন।

এ ঘটনায় প্রমাণ নষ্ট বা পরিবর্তন ঠেকাতে এক ফেডারেল বিচারক ডিএইচএসকে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার রাতে আইওয়ায় দেওয়া ভাষণে ট্রাম্প মূলত অর্থনৈতিক নীতি নিয়ে কথা বলেন। মিনেসোটার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা না করলেও, তিনি অভিবাসনবিরোধী অভিযান নিয়ে সাধারণভাবে বক্তব্য দেন। তিনি ডিসেম্বরের হার্ভার্ড হ্যারিস জরিপের কথা উল্লেখ করেন, যেখানে দাবি করা হয়—অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের বহিষ্কারের উদ্যোগকে ৮০ শতাংশ আমেরিকান সমর্থন করেন।

বিবিসি থেকে অনুবাদকৃত

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন