যুদ্ধবিরতিতে সম্মত পুতিন, জানালেন ট্রাম্পের

যুদ্ধবিরতিতে সম্মত পুতিন, জানালেন ট্রাম্পের

তীব্র শীতের কারণে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে এক সপ্তাহ হামলা না করার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ওভাল অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেছেন, আমরা প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছিলাম অন্তত এক সপ্তাহের জন্য গোলাবর্ষণ বন্ধ রাখতে। আমরা যেমন তীব্র শীতের মধ্য দিয়ে যাচ্ছি, তারাও একই ধরনের কঠোর ঠান্ডার সম্মুখীন হচ্ছে। ইউক্রেনে শীত মৌসুমের শুরু থেকেই প্রচণ্ড শীত পড়ে, যা মানুষের জন্য অত্যন্ত কষ্টকর। তিনি এই অনুরোধে সম্মতি দিয়েছেন, এবং এর জন্য আমরা কৃতজ্ঞ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই উদ্যোগের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার হামলায় কিয়েভের বহু আবাসিক ভবনে বিদ্যুৎ ও গরমের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, এমন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। তবে সামনে দিন ও রাতে বাস্তব পরিস্থিতি কী দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরও লিখেছেন, আমরা চাই এই সমঝোতা বাস্তবে কার্যকর হোক। উত্তেজনা কমানোর এ ধরনের পদক্ষেপ যুদ্ধ অবসানের পথে বাস্তব অগ্রগতি আনতে পারে।

এদিকে রাশিয়া থেকে তাৎক্ষণিক কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে রাশিয়া জেলেনস্কিকে মস্কোয় আলোচনায় বসার নতুন প্রস্তাব দিলেও ইউক্রেনের প্রেসিডেন্ট তা আগেই প্রত্যাখ্যান করেছিলেন।

উল্লেখ্য, প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে একটি ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়। 

আইএ/সকালবেলা

মন্তব্য করুন